OLM ব্যবহার করার আগে অনুগ্রহ করে এই শর্তগুলো ভালোভাবে পড়ে নাও।
সর্বশেষ আপডেট: ১ অক্টোবর, ২০২৬
OLM (Online Live Mentor)-এ স্বাগতম। এই শর্তাবলী শিক্ষার্থী ও মেন্টর - দুই পক্ষের জন্যই প্রযোজ্য। "তুমি" বলতে যিনি অ্যাকাউন্ট ব্যবহার করছেন তাঁকে বোঝানো হয়েছে, আর ১৮ বছরের কম বয়সী হলে তাঁর অভিভাবককেও।
OLM (Online Live Mentor) একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে শিক্ষার্থীরা লাইভ ভিডিওতে ১-এ-১ মেন্টরিং সেশন নিতে পারে। OLM পরিচালনা করে Arex Ventures, তাই এই শর্তাবলীতে "OLM", "আমরা" বা "আমাদের" বলতে Arex Ventures-কে বোঝানো হয়েছে। অ্যাকাউন্ট খুলে বা OLM ব্যবহার করে তুমি এই শর্তাবলী মেনে নিচ্ছ। রাজি না হলে OLM ব্যবহার কোরো না। এই শর্তাবলী তোমার আর Arex Ventures-এর মধ্যে একটি চুক্তি।
শিক্ষার্থী হতে হলে তোমার বয়স কমপক্ষে ১৩ বছর হতে হবে। ১৩ বছরের কম বয়সীরা OLM ব্যবহার করতে পারবে না। তোমার বয়স ১৮-এর কম হলে বাবা-মা বা অভিভাবকের অনুমতি নিয়ে OLM ব্যবহার করতে হবে, এবং তারাও এই শর্তাবলীর সাথে একমত হচ্ছেন ধরা হবে। মেন্টর হতে হলে বয়স কমপক্ষে ১৮ বছর। বয়স নিয়ে ভুল তথ্য দিলে অ্যাকাউন্ট বন্ধ করা হতে পারে।
অ্যাকাউন্টের তথ্য সঠিক ও হালনাগাদ রাখা তোমার দায়িত্ব। পাসওয়ার্ড গোপন রাখো এবং কারো সাথে শেয়ার কোরো না - তোমার অ্যাকাউন্ট থেকে হওয়া সব কাজের দায় তোমার। একজন ব্যক্তি একটির বেশি অ্যাকাউন্ট চালাতে পারবে না। অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের সন্দেহ হলে সাথে সাথে আমাদের জানাও।
OLM একটি মধ্যস্থতাকারী প্ল্যাটফর্ম - আমরা শিক্ষার্থী ও মেন্টরকে যুক্ত করি। মেন্টররা OLM-এর কর্মী নন, তাঁরা স্বাধীনভাবে সেবা দেন। মেন্টররা শিক্ষাগত সনদ ও জাতীয় পরিচয়পত্র জমা দিতে পারেন এবং আমাদের টিম যাচাই করে অনুমোদন করলে প্রোফাইলে "ভেরিফায়েড" ব্যাজ যোগ হয়। স্পষ্ট করে বলছি: ব্যাজ না থাকা মেন্টরও OLM-এ সেশন নিতে পারেন। ব্যাজটি আস্থার চিহ্ন, প্রবেশের শর্ত নয় - তাই বুক করার আগে প্রোফাইল, রেটিং ও রিভিউ দেখে নাও। আমরা কোনো নির্দিষ্ট একাডেমিক ফলাফলের নিশ্চয়তা দিই না।
সব লেনদেন বাংলাদেশি টাকায় (BDT)। সেশনের দাম বুক করার আগেই দেখানো হয়। অ্যাপে তুমি প্রতিটি সেশনের জন্য বুক করার সময়েই পেমেন্ট করো, SSLCommerz-এর মাধ্যমে (কার্ড, বিকাশ, নগদ, রকেট ও ব্যাংক)। OLM-এর ওয়েবসাইটের মাধ্যমে OLM ব্যালেন্স যোগ করা যায়; ব্যালেন্স থাকলে সেশনের দাম আগে সেখান থেকে কাটে, বাকি থাকলে সেটুকু দিতে হয়। ব্যালেন্স রাখা বাধ্যতামূলক নয়। ব্যালেন্স শুধু OLM-এর সেশনেই খরচ করা যায় এবং কার্ড, বিকাশ বা নগদে ফেরত যায় না। সেশন বুক করলে টাকা এসক্রোতে আটকে থাকে এবং সেশন শেষ হলে মেন্টরের কাছে যায়।
শিক্ষার্থী সেশনের দামের বাইরে বাড়তি কোনো চার্জ দেয় না। OLM মেন্টরের আয় থেকে একটি কমিশন নেয়, যা মেন্টরের লেভেলের উপর নির্ভর করে - বর্তমানে New ৩০%, Expert ২৫%, Top Rated ২০%। এই হার সময়ে সময়ে পরিবর্তন হতে পারে; পরিবর্তন হলে মেন্টরদের আগে থেকে জানানো হবে এবং অ্যাপেই বর্তমান হার দেখা যায়। মেন্টররা প্রতি মাসের নির্দিষ্ট তিনটি দিনে পেআউটের অনুরোধ করতে পারেন - দিনগুলো দশ দিন পরপর, অর্থাৎ ৫, ১৫ ও ২৫ তারিখ অথবা ১০, ২০ ও ৩০ তারিখ, এবং কোন সেটটি হবে তা মেন্টর নিজেই বেছে নেন; ফেব্রুয়ারিতে ৩০ তারিখের বদলে মাসের শেষ দিন ধরা হয়, মাসটি বাদ যায় না। অনুরোধের পর সাধারণত ২৪-৪৮ ঘণ্টার মধ্যে টাকা মেন্টরের অ্যাকাউন্টে পৌঁছে যায় (Top Rated মেন্টররা যেকোনো দিন অনুরোধ করতে পারেন), এবং একটি ন্যূনতম পেআউট পরিমাণ প্রযোজ্য যা অ্যাপে দেখানো হয়। পেআউট বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টে যায়।
সেশন শুরুর আগে বাতিল করলে পুরো টাকা তোমার OLM ব্যালেন্সে ফেরত আসে। মেন্টর যোগ না দিলে বা কারিগরি সমস্যায় সেশন ব্যাহত হলে তুমি বিরোধ (dispute) তুলতে পারো এবং আমাদের টিম দেখে আংশিক বা সম্পূর্ণ ফেরত দিতে পারে। রিফান্ড ফেরত যায় OLM ব্যালেন্সে, কার্ড বা মোবাইল ওয়ালেটে নয়। বিস্তারিত নিয়ম রিফান্ড নীতিতে দেওয়া আছে।
রিফান্ড নীতি পড়ো →আপত্তিকর কন্টেন্ট এবং যারা অন্যকে হয়রানি, হুমকি বা অপমান করে, তাদের প্রতি OLM-এর অবস্থান শূন্য সহনশীলতার। OLM-এ নিষিদ্ধ: অন্য ব্যবহারকারীকে হয়রানি বা হুমকি, অশ্লীল বা বেআইনি কিছু শেয়ার করা, পরীক্ষায় নকল বা অ্যাকাডেমিক অসততায় সাহায্য করা, ভুয়া পরিচয় ব্যবহার, অন্যের অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা এবং সেশনকে প্ল্যাটফর্মের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা। সেশনের চ্যাট নিরাপত্তার জন্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হয়। আপত্তিকর কন্টেন্টের রিপোর্ট পেলে আমরা ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিই: কন্টেন্টটি সরিয়ে ফেলি এবং প্রয়োজনে যে ব্যবহারকারী সেটি পোস্ট করেছে তার অ্যাকাউন্ট স্থগিত করি। নিয়ম ভাঙলে সতর্কতা, কন্টেন্ট মুছে ফেলা বা অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করা হতে পারে। পূর্ণ তালিকা কমিউনিটি নির্দেশিকায় আছে।
কমিউনিটি নির্দেশিকা →OLM-এর শিক্ষার্থীরা স্কুল-কলেজের ছাত্রছাত্রী, তাই শিশুদের যৌন নিপীড়ন ও শোষণ (CSAE) সংক্রান্ত যেকোনো কিছুর প্রতি আমাদের অবস্থান শূন্য সহনশীলতার। শিশুকে যৌনভাবে উপস্থাপন, নাবালকের কাছে যৌন প্রস্তাব বা ছবি চাওয়া, গ্রুমিং, অথবা কোনো শিক্ষার্থীকে সেশনের বাইরে ব্যক্তিগত যোগাযোগে নেওয়ার চেষ্টা - প্রতিটির শাস্তি তাৎক্ষণিক অ্যাকাউন্ট বন্ধ এবং প্রযোজ্য ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা। আমাদের পূর্ণ শিশু নিরাপত্তা মানদণ্ড আলাদা পাতায় প্রকাশিত।
শিশু নিরাপত্তা মানদণ্ড →নিরাপত্তার জন্য OLM প্রতিটি সেশনের ভিডিও ও অডিও রেকর্ড করে, শুধু OLM-এর সার্ভারে, একটি গোপন রেকর্ড হিসেবে। শিক্ষার্থী বা মেন্টর কেউ অ্যাপে বা ওয়েবসাইটে সেশন রেকর্ড করতে পারে না, আর সেখানে কোনো সেশন আর দেখাও যায় না। রেকর্ডিং শুধু OLM-এর নিরাপত্তা টিম দেখতে পারে, তাও শুধু কোনো সমস্যা রিপোর্ট হলে। ৩০ দিন পর রেকর্ডিং স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়, আর তুমি অ্যাকাউন্ট ডিলিট করলে তার আগেই তোমার রেকর্ডিং মুছে ফেলা হয়। একমাত্র ব্যতিক্রম: যে সেশন নিয়ে নিরাপত্তা রিপোর্ট বা বিরোধ খোলা আছে, নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার রেকর্ডিং রাখা হয়। কেউ অন্য কোনো উপায়ে সেশন রেকর্ড করলে, অন্য ব্যক্তির স্পষ্ট অনুমতি ছাড়া সেই রেকর্ডিং কাউকে দেওয়া, প্রকাশ করা বা অনলাইনে ছড়ানো কঠোরভাবে নিষিদ্ধ এবং অ্যাকাউন্ট বন্ধের কারণ।
তুমি যা লেখো বা আপলোড করো - চ্যাট মেসেজ, প্রশ্নের ছবি, হোয়াইটবোর্ডের কাজ, প্রোফাইল ছবি, রিভিউ - তার মালিকানা তোমারই থাকে। OLM চালানোর জন্য যতটুকু দরকার ততটুকু ব্যবহারের অনুমতি তুমি আমাদের দাও: সেশনের অন্য অংশগ্রহণকারীকে দেখানো, নিরাপত্তার জন্য যাচাই করা এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রদর্শন করা (যেমন মেন্টরের প্রোফাইলে রিভিউ)। প্রকাশ্য রিভিউতে শিক্ষার্থীর পুরো নাম দেখানো হয় না - শুধু প্রথম নাম ও পদবির আদ্যক্ষর। অন্যের কপিরাইট করা উপকরণ অনুমতি ছাড়া আপলোড কোরো না।
তুমি যেকোনো সময় অ্যাপ থেকে নিজেই অ্যাকাউন্ট ডিলিট করতে পারো: প্রোফাইল, তারপর নিরাপত্তা ও গোপনীয়তা, তারপর অ্যাকাউন্ট ডিলিট করো। তোমার প্রোফাইল ও যোগাযোগের তথ্য, ছবি ও ডকুমেন্ট, মেন্টরের পরিচিতি ভিডিও, সেশন ও চ্যাটে আপলোড করা ফাইল এবং তোমার সেশন রেকর্ডিং মুছে ফেলা হয়। তোমার চ্যাট মেসেজের জায়গায় "[deleted]" লেখা থাকে। কর ও হিসাবরক্ষণ আইন অনুযায়ী পেমেন্ট ও পেআউটের রেকর্ড রাখা হয়। এই শর্তাবলী বা আইন ভাঙলে OLM যেকোনো অ্যাকাউন্ট স্থগিত বা বন্ধ করতে পারে; গুরুতর ক্ষেত্রে আগাম নোটিশ ছাড়াই। অ্যাকাউন্ট বন্ধ হলে আটকে থাকা এসক্রো নিষ্পত্তি করা হয় এবং প্রাপ্য পেআউট প্রক্রিয়া করা হয়।
ডিলিট করার নিয়ম →OLM প্ল্যাটফর্মটি "যেমন আছে" ভিত্তিতে সরবরাহ করা হয়। মেন্টররা স্বাধীন সেবাদাতা, তাই সেশনের মান, দেওয়া পরামর্শের যথার্থতা বা তোমার একাডেমিক ফলাফলের জন্য OLM দায়ী নয়। ইন্টারনেট সংযোগ, ডিভাইস বা তৃতীয় পক্ষের সেবার (পেমেন্ট গেটওয়ে, নেটওয়ার্ক) সমস্যার কারণে সেশন ব্যাহত হলে আমাদের দায় ওই সেশনের জন্য পরিশোধিত অর্থ ফেরত দেওয়া পর্যন্ত সীমাবদ্ধ। আইন যতটুকু অনুমতি দেয়, পরোক্ষ বা আনুষঙ্গিক ক্ষতির জন্য আমরা দায়ী নই।
সেবা বদলালে বা আইনি প্রয়োজনে আমরা এই শর্তাবলী হালনাগাদ করতে পারি। উপরে সর্বশেষ আপডেটের তারিখ দেওয়া থাকে। গুরুত্বপূর্ণ পরিবর্তন হলে অ্যাপে বা ইমেইল/এসএমএসে জানানো হবে। পরিবর্তনের পরও OLM ব্যবহার চালিয়ে গেলে ধরে নেওয়া হবে তুমি নতুন শর্ত মেনে নিয়েছ। রাজি না হলে অ্যাকাউন্ট ডিলিট করে দিতে পারো।
এই শর্তাবলী বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে এবং যেকোনো বিরোধের ক্ষেত্রে ঢাকার আদালতের এখতিয়ার প্রযোজ্য হবে। আদালতে যাওয়ার আগে আমাদের সাথে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করার অনুরোধ রইল - বেশিরভাগ বিষয় সাপোর্টেই মিটে যায়।
শর্তাবলী সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করো।