OLM-এ কোনটা চলে আর কোনটা চলে না - এবং নিয়ম ভাঙলে কী হয়।
সর্বশেষ আপডেট: ১ অক্টোবর, ২০২৬
OLM-এ একজন শিক্ষার্থী আর একজন মেন্টর সরাসরি লাইভ ভিডিওতে কথা বলে। সেটিকে নিরাপদ রাখতে কয়েকটি সহজ নিয়ম দরকার। নিয়মগুলো দুই পক্ষের জন্যই সমান, এবং প্রতিটির পাশে লেখা আছে ভাঙলে কী হয়।
আপত্তিকর কন্টেন্ট এবং যারা অন্যকে হয়রানি, হুমকি বা অপমান করে, তাদের প্রতি OLM-এর অবস্থান শূন্য সহনশীলতার। আপত্তিকর কন্টেন্টের রিপোর্ট পেলে আমরা ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিই: কন্টেন্টটি সরিয়ে ফেলি এবং প্রয়োজনে যে ব্যবহারকারী সেটি পোস্ট করেছে তার অ্যাকাউন্ট স্থগিত করি।
মেন্টর ও শিক্ষার্থী - দুজনেই মানুষ। গালাগালি, অপমান, হুমকি বা ধর্ম, লিঙ্গ, জাতি, এলাকা নিয়ে কটাক্ষ OLM-এ চলবে না। কেউ প্রশ্ন বুঝতে না পারলে তাকে হেয় কোরো না। মেন্টরদের বাড়তি দায়িত্ব: আপনার সামনে যে বসে আছে সে প্রায়ই স্কুলের ছাত্রছাত্রী।
প্রথমবার সতর্কতা, পুনরাবৃত্তি হলে অ্যাকাউন্ট বন্ধ।
যৌন ইঙ্গিতপূর্ণ কথা, ছবি বা প্রস্তাব; সহিংসতার হুমকি; মাদক, অস্ত্র বা বেআইনি কার্যকলাপের প্রচার - কোনোটাই অনুমোদিত নয়। প্রোফাইল ছবি, বায়ো, চ্যাট, হোয়াইটবোর্ড ও রিভিউ - সব জায়গায় এটি প্রযোজ্য। শিশুর সাথে সম্পর্কিত হলে শাস্তি তাৎক্ষণিক ও স্থায়ী।
অ্যাকাউন্ট তাৎক্ষণিক বন্ধ, প্রযোজ্য ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়।
OLM বোঝার জায়গা, উত্তর কিনে নেওয়ার নয়। চলমান পরীক্ষা বা অনলাইন টেস্টে সাহায্য করা, অ্যাসাইনমেন্ট লিখে দেওয়া বা কারো হয়ে পরীক্ষা দেওয়া নিষিদ্ধ। সমস্যা ধরে ধরে বুঝিয়ে দেওয়াই মেন্টরের কাজ।
সেশন বাতিল ও রিফান্ড, পুনরাবৃত্তিতে অ্যাকাউন্ট বন্ধ।
ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ বা ফেসবুক আইডি বিনিময় করে সেশন প্ল্যাটফর্মের বাইরে নেওয়ার চেষ্টা কোরো না। এটি শুধু নিয়মভঙ্গ নয় - বাইরে গেলে এসক্রো সুরক্ষা, রিফান্ড, বিরোধ নিষ্পত্তি ও রিপোর্ট করার সুযোগ কিছুই থাকে না, আর ঝুঁকিটা সবচেয়ে বেশি শিক্ষার্থীর।
চ্যাট স্বয়ংক্রিয়ভাবে যাচাই হয়; নিশ্চিত হলে অ্যাকাউন্ট স্থগিত।
আসল নাম ও নিজের ছবি ব্যবহার করো। অন্যের ছবি, ভুয়া যোগ্যতা বা মিথ্যা প্রতিষ্ঠানের নাম দেওয়া নিষিদ্ধ। মেন্টর হিসেবে যে সনদ জমা দিচ্ছেন তা আপনারই হতে হবে। একজন ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট চালাতে পারবে না।
প্রোফাইল সংশোধন করতে বলা হয়; ইচ্ছাকৃত প্রতারণায় অ্যাকাউন্ট বন্ধ।
শিক্ষার্থী বা মেন্টর কেউ অ্যাপে বা ওয়েবসাইটে সেশন রেকর্ড করতে পারে না। নিরাপত্তার জন্য OLM প্রতিটি সেশনের একটি গোপন রেকর্ড ৩০ দিন রাখে, যা শুধু OLM-এর নিরাপত্তা টিম দেখতে পারে, কোনো সমস্যা রিপোর্ট হলে। অন্য ব্যক্তির স্পষ্ট অনুমতি ছাড়া সেশনের কোনো রেকর্ডিং, স্ক্রিনশট বা চ্যাটের ছবি কাউকে দেওয়া বা অনলাইনে ছড়ানো কঠোরভাবে নিষিদ্ধ। কারো ব্যক্তিগত তথ্য অন্য কাউকে দিয়ো না।
অ্যাকাউন্ট বন্ধ, এবং আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
অ্যাপের মেন্টর প্রোফাইল, চ্যাট এবং লাইভ সেশন রুম - তিন জায়গাতেই রিপোর্ট করার অপশন আছে। চাইলে ব্যবহারকারীকে ব্লকও করতে পারো, তখন সে আর তোমার কাছে পৌঁছাতে পারবে না। রিপোর্ট গোপন থাকে। শিশুর নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট আমরা ২৪ ঘণ্টার মধ্যে দেখি।
শিশু নিরাপত্তা মানদণ্ড →